Farabi Ahmed :
@শ্রে'য়'শী:)🕊️ তোমারে ভুইলা যাওয়ার শত আয়োজন করি আমি। নিজেরে ব্যস্ত রাখি, মানুষের ভিড়ে মিশে যাই, অকারণে হাসি, গভীর রাতে ঘুমের ভান ধরি। মনে মনে কত নিয়ম বানাই- আজ থেকে আর তোমার কথা ভাবব না, আজ থেকে আর পুরোনো স্মৃতির দরজা খুলব না, আজ থেকে তোমারে ছাড়া বাঁচতে শিখব। কিন্তু দিনশেষে সব আয়োজন ডাহা মিথ্যা বইলা প্রমাণিত হয়।
কারণ মানুষ ইচ্ছা করলেই সব ভুলতে পারে না। কিছু মানুষ থাকে, যাদের ভুলে যাওয়ার জন্য আলাদা শক্তি লাগে না- লাগে অন্য একটা জীবন। তুমি তেমনই। তোমারে ভুলতে গিয়া বুঝছি, মানুষ কাউরে ভুলে না; মানুষ শুধু কষ্টের সাথে সহবাস করতে শিখে। বুকের ভিতরে একটা নিরব ঘর বানাইয়া নেয়, সেখানে স্মৃতিগুলারে বন্দি রাখে। কিন্তু বন্দি স্মৃতিরও অদ্ভুত স্বভাব- গভীর রাতে দরজা ভাঙে, নিঃশব্দে সামনে আইসা দাঁড়ায়।
তোমারে ভুলতে গিয়া আমি আকাশের দিকে তাকাইছি, দীর্ঘ রাস্তা হাঁটছি, প্রিয় গানগুলারে অপছন্দ করার চেষ্টা করছি। যেই জায়গাগুলাতে তোমার কথা বেশি মনে পড়ে, সেই জায়গাগুলা এড়িয়ে চলছি। তবুও হঠাৎ কোনো বিকেলের বাতাসে, কোনো পরিচিত গন্ধে, কোনো মানুষের চোখে কিংবা কোনো পুরোনো শব্দে তুমি আবার ফিরা আইছো।
তখন মনে হইছে, মানুষ আসলে মানুষরে ভোলে না। মানুষ শুধু অভিনয় করে- ভালো থাকার, ভুলেথাকার, সামনে এগিয়ে যাওয়ার। অথচ বুকের এক কোণে প্রতিদিন একটু একটু করে জমে থাকে না বলা কথা, না পাওয়া অনুভূতি, আর অপূর্ণতার দীর্ঘশ্বাস।
তাই এখন আর তোমারে ভুলে যাওয়ার আয়োজন করি না। কারণ আমি জানি, শত আয়োজন, শত প্রতিজ্ঞা, শত মিথ্যার পরও একটা সত্যি ঠিকই রয়ে যায়-
মৃত্যু ব্যতীত, তোমারে ভুইলা যাওয়া অসম্ভব। কারণ কিছু মানুষ জীবনে আসে থাকার জন্য না, কিন্তু এমনভাবে মিশে যায়- যেন তাদের ছাড়া নিজের অস্তিত্বও অসম্পূর্ণ লাগে।
2026-05-28 16:04:06