বুকে অনেক কষ্ট :
@বুকে অনেক কষ্ট:যেদিন প্রথম তোমার কাজলকালো গভীর চোখ দুটোর দিকে তাকিয়েছিলাম, সেদিন মনে হয়েছিল পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা, সত্য আর নিষ্পাপ ভালোবাসা যেন ওই দুটি চোখেই আশ্রয় নিয়েছে। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে নিজেকেই প্রশ্ন করেছিলাম—এত শান্ত, এত মায়াবী দৃষ্টি কি কখনো প্রতারণা করতে পারে?
কিন্তু আজ বুঝি, মানুষের সবচেয়ে বড় ভুল হয় চোখের ভাষা বিশ্বাস করে। যে চোখকে আমি ভালোবাসার রাজপ্রাসাদ ভেবেছিলাম, সেটাই ছিল আমার মতো এক নির্দো অবহেলা, অবজ্ঞা আর অবিশ্বাসের মূল্য দিতে দিতে আজ আমার নিজের চোখ দুটোই আলোহীন প্রদীপের মতো নিস্তেজ হয়ে গেছে। যে চোখ দেখে একদিন নিজের সমস্ত মন-প্রাণ নিঃসংকোচে তোমার হাতে তুলে দিয়েছিলাম, আজ সেই চোখ দিয়েই প্রতি রাতে অগণিত অশ্রু ঝরে। সেই অশ্রু শুধু জল নয়—সেগুলো ভাঙা বিশ্বাসের, অপূর্ণ ভালোবাসার আর নীরব মৃত্যুর সাক্ষী।
যে চোখ একদিন হাজারো রঙিন স্বপ্ন বুনেছিল, আজ সেই চোখই প্রতিদিন নোনা জলে ভিজে আমার বিষাদের গালে স্থায়ী দাগ এঁকে দেয়। প্রতিটি অশ্রুবিন্দু যেন মনে করিয়ে দেয়—সবচেয়ে সুন্দর মায়ার আড়ালেও কখনো কখনো সবচেয়ে নির্মম সত্য লুকিয়ে থাকে।
তোমাকে ভালোবাসার আগে যদি জানতাম, যে চোখের মায়ায় হারিয়ে যাচ্ছি, সেই চোখই একদিন আমাকে এত গভীর অন্ধকারে ঠেলে দেবে, তবে হয়তো নিজের দৃষ্টিকেই বিশ্বাস করতে শেখাতাম না। কারণ আজ বুঝেছি, সব চোখ ভালোবাসার ভাষা জানে না; কিছু চোখ শুধু মানুষকে স্বপ্ন দেখাতে জানে, তারপর সেই স্বপ্ন ভেঙে চুরমার করে চলে যেতে জানে।
তুমি তোমার মায়াবী দৃষ্টির ছলনায় আমার জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়ে চলে গেছ। আর আমাকে রেখে গেছ এমন এক নিঃশব্দ যন্ত্রণার মধ্যে, যেখানে প্রতিটি রাত শুধু কান্নার, প্রতিটি ভোর শুধু শূন্যতার।
এখন প্রতিদিন গভীর রাতে নিজের নিস্তেজ, জলভরা চোখ দুটোর দিকে তাকালে বুকের ভেতর শুধু একটাই সত্য ধ্বনিত হয়—যে চোখ দেখে একদিন তোমাকে ভালোবেসেছিলাম, আজ সেই চোখ দিয়েই আমৃত্যু নিজের ভুলের মাশুল গুনে যাচ্ছি।
2026-09-20 12:16:00