হেরে যাওয়া একজন আমি :
আমাকে ছেড়ে যাওয়ার মানুষের অভাব নেই অথচ আমাকে ধরে রাখার কেউ নেই। আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য মানুষকে কখনো খুব বেশি অজুহাত খুঁজতে হয় না। সামান্য অভিমান, একটু ভুল বোঝাবুঝি, কিছু অনিচ্ছাকৃত কথা কিংবা সময়ের সঙ্গে বদলে যাওয়া অনুভূতিই যথেষ্ট। মানুষ খুব সহজেই আমার হাত ছেড়ে দিতে পারে, খুব সহজেই আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিতে পারে, খুব সহজেই ভুলে যেতে পারে আমার সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত, আমার জন্য বলা হাজারো প্রতিশ্রুতি। অথচ কেউ একবারও ভাবে না, যে মানুষটাকে এত সহজে ছেড়ে যাওয়া যায়, সেই মানুষটার পক্ষে একা একা নিজেকে সামলে নেওয়া কতটা কঠিন!
আমার জীবনে এমন মানুষের অভাব নেই, যারা একদিন খুব আপন হয়ে এসেছিল, যাদের কথায় আমি ভবিষ্যৎ খুঁজেছিলাম, যাদের উপস্থিতিতে নিজের নিঃসঙ্গতাকে ভুলে থাকতে শিখেছিলাম। অথচ দিন শেষে তাদের কাউকেই ধরে রাখতে পারিনি। কেউ চলে গেছে নিজের ইচ্ছায়, কেউ চলে গেছে পরিস্থিতির অজুহাতে, কেউ আবার পাশে থেকেও এমন দূরত্ব তৈরি করেছে যে, একসময় বুঝতে পেরেছি, মানুষটির শরীরটা কাছে থাকলেও মনটা আর আমার কাছে নেই। আমি শুধু তাকিয়ে দেখেছি, একের পর এক মানুষ আমার জীবন থেকে চলে যাচ্ছে। কাউকে আটকাতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়েছি, কাউকে বোঝাতে গিয়ে নিজের কথাগুলোকে মূল্যহীন করেছি, কাউকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটুকুও বিসর্জন দিয়েছি। তবু শেষ পর্যন্ত কাউকে ধরে রাখতে পারিনি।
জানো, সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন বুঝতে পারি, আমার চলে যাওয়ায় কারও তেমন কিছু যায় আসে না। আমি কথা বলা বন্ধ করলে কেউ আমার নীরবতার কারণ জানতে চায় না। আমি অভিমান করে দূরে সরে গেলে কেউ একবার ফিরে তাকিয়ে বলে না, ‘কী হয়েছে তোমার? এভাবে দূরে সরে যাচ্ছ কেন?’ আমি ভেতরে ভেতরে ভেঙে পড়লেও কেউ আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে না, কতটা কষ্ট জমে আছে সেখানে। আমি দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিই, অথচ কেউ আমার কাছে এসে বলে না, ‘সবাই চলে গেলেও আমি আছি, তুমি ভয় পেয়ো না।’ আমার জীবনে এমন একজন মানুষও নেই, যে আমার অভিমানকে অবহেলা না ভেবে ভালোবাসার অভাব হিসেবে বুঝবে, আমার নীরবতাকে দূরত্ব না ভেবে ভেতরে জমে থাকা কষ্ট হিসেবে পড়তে পারবে।
অথচ আমি তো খুব বেশি কিছু চাইনি। আমি চাইনি কেউ আমার জন্য পৃথিবী বদলে দিক, চাইনি কেউ আমার সমস্ত দুঃখ মুছে দিয়ে আমাকে সুখের রাজ্যে নিয়ে যাক। আমি শুধু চেয়েছিলাম, কেউ একজন আমার পাশে থাকুক। যে মানুষটা আমার খারাপ দিনগুলোতেও আমাকে ভালোবাসবে, যে আমার মন খারাপের দিনে অকারণে দূরে সরে যাবে না, যে আমার ভুলগুলো দেখেও আমাকে শুধরে নেওয়ার সুযোগ দেবে। আমি চেয়েছিলাম, কেউ একজন অন্তত আমাকে হারানোর ভয় পাক। আমার অনুপস্থিতি
2026-11-01 13:12:01