S K Shakil :
আমার দেহের ভেতরটা একটা গোরস্থানে পরিণত হয়েছে বহুদিন আগে—
সেখানে সুখেরা মরে গেছে, স্বপ্নেরা মাটিচাপা পড়েছে, আর বেঁচে থাকার ইচ্ছেগুলো কোনো এক অচেনা কবরে শুয়ে নীরবে মৃত্যুর অপেক্ষা করছে!
কেউ জানে না, আমার বুকের ভেতর কতগুলো দীর্ঘশ্বাসের মৃত্যু হয়েছে, কতগুলো ইচ্ছে অপূর্ণতার কাফনে মোড়ানো, কতগুলো প্রিয় মুখকে নিজের ভেতরেই চিরদিনের জন্য কবর দিয়ে রেখেছি!
বাইরে থেকে আমাকে দেখলে হয়তো মনে হবে, বেশ ভালোই আছি। মুখে হাসি আছে, কথায় স্বাভাবিকতা আছে, মানুষের ভিড়ে দিব্যি চলাফেরা করছি— অথচ কেউ জানে না, আমার ভেতরটা কতটা নিঃশব্দ, কতটা জনশূন্য, কতটা মৃত স্বপ্নের ভারে নুয়ে পড়েছে!
মাঝেমধ্যে নিজের বুকের ভেতর কান পাতি, ভাবি, কোথাও কি একটু সুখ বেঁচে আছে? কোথাও কি কোনো স্বপ্ন এখনো আমার নাম ধরে ডাকাডাকি করে?
কিন্তু না— সেখানে শুধু দীর্ঘশ্বাসের শব্দ, পুরোনো স্মৃতির আনাগোনা, আর কিছু মানুষের রেখে যাওয়া অসহ্য শূন্যতা!
যারা একদিন বলেছিল, কখনো ছেড়ে যাবে না, আজ তারা আমার জীবনের গল্পে নেই। অথচ তাদের স্মৃতিগুলো রয়ে গেছে— যেন গোরস্থানের পুরোনো ফলকে লেখা নাম, মুছে ফেলতে চাইলেও কিছুতেই মোছা যায় না!
আফসোস, মানুষ আমার মুখটা দেখে, ভেতরটা দেখে না। তারা আমার হাসির গল্প জানে, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা কান্নার হিসাব জানে না। তারা আমার বেঁচে থাকা দেখে, কিন্তু প্রতিদিন কতটা ক্লান্তি নিয়ে নিজেকে সামলে রাখি, সেই খবর কেউ রাখে না!
আমার দেহের ভেতরটা একটা গোরস্থানে পরিণত হয়েছে বহুদিন আগে— শুধু পার্থক্য একটাই, পৃথিবীর গোরস্থানে মানুষ মৃতদের খুঁজতে আসে, আর আমার ভেতরের গোরস্থানটায়
কেউ কোনোদিন খোঁজ নিতে আসেনি— কতটা একা হয়ে গেলে একটা মানুষ নিজের ভেতরেই এতগুলো শূন্যতা নিয়ে বেঁচে থাকে!
2026-11-02 12:28:57